১ মার্চ থেকে বিমানের ম্যানচেস্টারগামী ফ্লাইট বন্ধ

1767702111-11f184053a9379a08165a58420d7ca32.jpg

ডেস্ক রিপোর্টঃ   বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত আরো এক মাস পিছিয়েছে।

বিমান পরিচালনা পর্ষদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে এ রুটে ফ্লাইট স্থগিতের তারিখ আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হলেও টিকিটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে এক মাস সময় বাড়ানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে সম্মানিত যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/+৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সাময়িক এ অসুবিধার জন্য সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে।

একই সঙ্গে ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top