ডেস্ক রিপোর্টঃ মস্কোর চারটি বিমানবন্দরের তিনটিতে ড্রোন হামলার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেন রবিবার রাশিয়ার রাজধানীমুখী ডজনখানেক ড্রোন পাঠানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়।
রুশ গণমাধ্যম বলছে, হামলার কারণে একাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, যার মধ্যে মস্কোর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ভনুকোভোও রয়েছে।
রুশ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়ার মুখপাত্র আরতেম কোরেনিয়াকো টেলিগ্রামে জানান, গ্রিজমান সময় দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিমানবন্দরগুলো বন্ধ রাখা হয়েছিল।
তিনি বলেন, ‘ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করতেই এ নিষেধাজ্ঞা।’
পরে তিনি আরো জানান, ভনুকোভো, দোমোদেদোভো ও ঝুকভস্কি বিমানবন্দর ঘণ্টাখানেকের কম সময় পর আংশিকভাবে খুলে দেওয়া হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীমুখী কমপক্ষে ২৭টি ড্রোন ভূপাতিত করেছে।
২০২২ সালে ইউক্রেন আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়া একাধিকবার আকাশসীমা আংশিকভাবে বন্ধ করেছে।
এদিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানান, একটি গাড়িতে ড্রোন হামলায় রবিবার এক ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে এক চার বছরের শিশু রয়েছে।







