বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু বদলের দাবি

১১.webp

ডেস্ক রিপোর্ট :
মুস্তাফিজ ইস্যুতে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জের ধরে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভারতের মাটি থেকে ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানাবে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠিও লিখবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

রোববার দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে এক জরুরি সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি জানাবে, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।

মূলত আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাই এই সিদ্ধান্তের মূল কারণ। ভারতীয় বোর্ডের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হওয়ার পর গতকালই কঠোর বার্তা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছিলেন, ‘যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা নেই, সেখানে গোটা দল নিরাপদ বোধ করতে পারে না।’ তার নির্দেশনার পরই বিসিবি আইসিসিকে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব দেবে।

এদিকে দুপুর ৩টা ২০ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন সিদ্ধান্তটি। তিনি লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের সব ম্যাচ আগেই শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশও এখন একই দাবি তুলেছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।

এর মাঝেই বিশ্বকাপের স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিসিবি। আইসিসিকে পাঠানো তালিকায় লিটন দাসের নেতৃত্বে দলে আছেন সহ-অধিনায়ক সাইফ হাসান। তবে বিপিএলে ভালো খেলা ক্রিকেটারদের জন্য এখনো দরজা খোলা রেখেছে বোর্ড। নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল কিংবা আলিস ইসলামরা বিবেচনায় আসতে পারেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দর্শানো ছাড়াই দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top