ডেস্ক রিপোর্টঃ দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলে ২৪১টি কক্ষে ভর্তি পরীক্ষায় আসন ব্যবস্থাপনা হয়েছে।
এ কেন্দ্রে ১২৪২৭ জনের বিপরীতে ১১১৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, উপস্থিতির হার ৮৯.৮ শতাংশ।
পরীক্ষা চলাকালীন বাকৃবি কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এ সময় উপাচার্য বলেন, ‘বাকৃবিতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের ফলে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান তৈরি করবে।
ভবিষ্যতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বছর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছে নেতৃত্ব দিয়েছে। সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে শৃঙ্খলা বজায় ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্ধারিত সময় শেষে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষাকেন্দ্র ত্যাগ করেন।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, ‘প্রশ্নপত্রে সহজ ও মাঝারি মানের প্রশ্নের পাশাপাশি কয়েকটি অংশ তুলনামূলক কঠিন ছিল। বিশেষ করে গণিত ও রসায়ন অংশে সময় ব্যবস্থাপনায় কিছুটা চাপ অনুভব করেছেন। তবে জীববিজ্ঞান অংশ তুলনামূলক সহজ ছিল।’
উল্লেখ্য, এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট তিন হাজার ৭০১টি।
এ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নিবেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন প্রায় ২৪ জন। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।







