তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

1767421716-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800-1.jpg

ডেস্ক রিপোর্টঃ   ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

এ বিষয়ে তাসনিম জারা বলেন, ‘মনোনয়নের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জন যাচাই করা হয়। যাচাইকৃতদের মধ্যে আটজন স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন; একজনকে ফোনে পাওয়া যায়নি, আরেকজন বলেছেন তিনি এই এলাকার ভোটার নন। আমার আপিল করার সুযোগ আছে, আমি আপিল করার প্রস্তুতি নিচ্ছি।’

তিনি বলেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করার পরও আমার জনপ্রিয়তা কমেনি। আমি জয়প্রত্যাশী এবং নির্বাচনে অংশ নিলে জয় লাভ করব।’

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

হলফনামার তথ্য অনুসারে, তাসনিম জারার সম্পদ আছে ১৯ লাখ টাকার। তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা, সম্পদ আছে ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকার, আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই তার। নেই বাড়ি, ফ্ল্যাট, কৃষি বা অকৃষি জমিও। অলংকার আছে আড়াই লাখ টাকার। ব্যাংকে নিজ নাম জমা আছে ১০ হাজার ১৯ টাকা, হাতে নগদ আছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। স্বামী খালেদা সাইফুল্লাহর হাতে নগদ আছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড।

তাসনিম জারার বছরে চাকরি থেকে আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। ব্যাংকে আমানত ২৬৪ টাকা। দেশের বাইরে আয় ৩২০০ পাউন্ড। দেশের বাইরে স্বামীর আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড।

জারা পেশায় চিকিৎসক, তার স্বামী উদ্যোক্তা ও গবেষক। এনসিপির সদ্য পদত্যাগী এ নেত্রীর জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান, বাবা ফখরুল হাসান। রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top