ডেস্ক রিপোর্টঃ বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশ, জনগণ, রাজনীতি, গণতন্ত্র ও নীতির প্রশ্নে আপসহীন এক হার না মানা নেত্রী। সে কারণেই তিনি জনগণের হৃদয়ে গভীরভাবে অবস্থান করছেন। চরম অসুস্থ অবস্থাতেও তিনি হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত এই যৌথ সভায় ময়মনসিংহ-১ নির্বাচনি এলাকার অন্তর্গত দুই উপজেলা ও একটি পৌর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় গৃহীত শোক প্রস্তাবে বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রস্তাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়াকে হারিয়ে সমগ্র দেশবাসী শোকাহত। জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি ছিলেন জাতির অভিভাবক, বাংলাদেশপন্থী রাজনীতির পাঠশালা। অভিভাবক হারিয়ে আমাদের মাথার ওপর থেকে ছায়া সরে গেছে, তবে তিনি আরেকটি ছায়া রেখে গেছেন—তারেক রহমানের নেতৃত্ব।
শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করতে হবে। আগামী নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেই দেশনেত্রীর প্রতি প্রকৃত সম্মান ও শ্রদ্ধা নিবেদন করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।
হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য দেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।







