বিপিএল বিশাল জয়ে দুর্দান্ত শুরু রংপুর রাইডার্সের

1767002099-b0f3e78d82dee8264571d211cefd1759.jpg

ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

খেলাধুলা ডেস্কঃ   বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই ৭ উইকেটের দারুণ জয় পেয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল।

লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও ডেভিড মালান। উদ্ধোধনী জুটিতে ম্যাচ জয়ের কাছাকাছি নিয়ে যান তারা।

দলীয় ৯১ রানে ২ ছক্কা ও ৪ চারে ৩১ বলে ৪৭ রান করে মুকিদুল ইসলামের বলে আউট হন লিটন দাস। তাওহিদ হৃদয়ও বেশিক্ষণ স্থায়ী হননি। ৩ বলে ১ রান করে একই বোলারের দ্বিতীয় শিকার হন তিনি। ম্যাচ জয়ের দুই রান আগে থাকতে ২ ছক্কা ও ৫ চারে ৫১ রান করে আউট হন ডেভিড মালান।

শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় রাইডার্স।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। নাহিদ রানার বলে আলিস ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যাডাম রসিংটন। তবে এরপর ঝোড়ো রান তুলেন নাঈম শেখ।

মুস্তাফিজের শিকার হওয়ার আগে ২০ বলে ৩৯ রান করে ফেরেন নাঈম। নাঈমের আউটের পরই দ্রুতই ভাঙতে থাকে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। মাহমুদুল হাসান জয় ফেরেন শূন্য রানে।
মিডল ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেন ফাহিম আশরাফ। মাহফিজুল ইসলাম রবিনকে দিয়ে শুরু, এরপর একে একে ফেরান মাসুদ গুরবাজ, অধিনায়ক শেখ মেহেদী ও শরিফুল ইসলামকে।

পরে আবু হায়দার রনিকে ফেরালে পূর্ণ হয় ফাহিমের পাঁচ উইকেট। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১০২ রানে থামে চট্টগ্রাম।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top