খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই দারুণ বোলিং প্রদর্শনী উপহার দিল রংপুর রাইডার্স। ফাহিম আশরাফের পাঁচ উইকেটের বিধ্বংসী স্পেলে চট্টগ্রাম রয়্যালস বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়, ফলে রংপুর পায় ১০৩ রানের লক্ষ্য।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ঝড়ো করেন নাইম শেখ। নাহিদ রানার এক ওভারে তিনটি চার ও একটি ছক্কায় ২০ রান তুলে নেন তিনি।
তবে সেই আক্রমণ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমানের অফ-কাটারে বোল্ড হয়ে ২০ বলে ৩৯ রান করে ফেরেন নাইম। এরপর দ্রুতই ভাঙতে থাকে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। মাহমুদুল হাসান জয় শূন্য রানে, মাহফিজুল ইসলাম রবিন এক রানে আউট হন।
মিডল ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেন ফাহিম আশরাফ। ১১তম ওভারে মাসুদ গুরবাজকে কট অ্যান্ড বোল্ড করার পর ফেরান অধিনায়ক শেখ মেহেদীকেও। মাত্র ৭১ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে চরম চাপে পড়ে চট্টগ্রাম। আগের ম্যাচে ফিফটি করা মির্জা তাহির বেগ এদিন ব্যর্থ হন, মুস্তাফিজের অফ-কাটারে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন ২৪ বলে ২০ রান করে।
পরে আবু হায়দার রনি ফাহিমের স্লোয়ারে লং অনে ক্যাচ দিলে পূর্ণ হয় ফাহিমের পাঁচ উইকেট।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় স্কোর গড়া হয়নি চট্টগ্রামের। ফাহিমের পাঁচ উইকেটের সঙ্গে মুস্তাফিজ ও অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ২.১ ওভার আগে অলআউট হওয়ার আগে থামে ১০২ রানে।







