ডেস্ক রিপোর্টঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হয়েছেন লাখ লাখ নেতাকর্মী। তারেক রহমানও বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে দলের নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশে শুভেচ্ছা জানাচ্ছেন।
সব কিছুর জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান নিজের ফেসবুকে দেওয়া পোস্টে লেখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান।’
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে অভিমুখে রওনা হয়েছেন তারেক রহমান।
জানা গেছে, লাল ও সবুজ রঙের বাসটি বিশেষভাবে প্রস্তুত করা। বাসটির দুই পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। বিশেষ নিরাপত্তা কাচে আবৃত জানালাগুলো।
বিমানবন্দর থেকে ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।







