ডেস্ক রিপোর্টঃ নির্বাচন বানচাল করতে ও সংবাদমাধ্যমের ওপর হামলার উসকানি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত এসব কনটেন্টের ওপর বিশেষ নজরদারি রাখতেও মেটার প্রতি সরকার আহ্বান জানিয়েছে।
গতকাল শুক্রবার জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মগুলোকে সহিংসতা উসকে দিতে ব্যবহার করা হচ্ছে, যা বাস্তব জীবনের সহিংসতায় রূপ নিচ্ছে। এর ফলে উত্তেজনা ভয়াবহভাবে বেড়েছে।’
গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে আততায়ীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ারে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মারা যান হাদি।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই প্রথম আলো, ডেইলি স্টার, ছয়ানট ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।







