ডেস্ক রিপোর্টঃ জানাজার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর ১টায় তার মরদেহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘর থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।
এদিকে হাদির জানাজা ঘিরে সকাল থেকে সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন লাখো মানুষ। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে।
গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে আততায়ীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ারে চিকিৎসা দেওয়া হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মারা যান হাদি।
পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে পৌঁছালে বিমানবন্দরে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার কফিন দেশে আনা হয়। সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়।
এদিকে হাদির মৃতুতে আজ শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।







