আমলে অগ্রসর নওমুসলিমদের বার্ষিক জোড় অনুষ্ঠিত

0062ce3d-8131-4d4b-abfc-fb9a1324e52b.jpg

ডেস্ক রিপোর্টঃ   রাজধানীর পল্লবীতে আমলে অগ্রসর নওমুসলিমদের বার্ষিক জোড় (পুণর্মিলনী) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নওমুসলিমদের দ্বীনি পরিচর্যা কেন্দ্র নিউমুসলিম এইড ফাউন্ডেশন–এর সার্বিক সহযোগিতায় ইসলামী দাওয়াহভিত্তিক অরাজনৈতিক সেবামূলক সংস্থা দাওয়াতুল ইসলাম বাংলাদেশ দিনব্যাপী এ আয়োজন করে।

অনুষ্ঠানটি পল্লবীর ‘ত ব্লক জামে মসজিদ’ ও ‘জামি‘আ মিল্লিয়া আজমা ত ব্লক মহিলা মাদরাসা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান নসীহাহ ও দোয়া পেশ করেন দারুর রাশাদ মাদরাসা, মিরপুর-১২–এর মহাপরিচালক মাওলানা মুহাম্মদ সালমান (দা.বা.)।

অনুষ্ঠানে আদাবুল মুয়ামালাত বিষয়ে আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম (দা.বা.), সন্তান লালন-পালনে বাবা-মায়ের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রাজ্জাক নদভী (দা.বা.)। সুখী দাম্পত্য জীবন গঠনে স্বামী-স্ত্রীর করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করেন মুফতি হাবীবুর রহমান খান। ঈমান, আমল ও সালেহের ওপর অটল থাকতে দ্বীনি পরিবেশের গুরুত্ব তুলে ধরেন মাওলানা রেজোয়ানুল হক রহমানী। আগামীর প্রতিযোগিতা ও দ্বীনি দায়িত্ব বিষয়ে দিকনির্দেশনা দেন মাসউল মাওলানা নাজমুদ্দীন (দা.বা.)।

এতে স্বনামধন্য উলামায়ে কেরাম ছাড়াও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রাক্তন সেনা ও নৌবাহিনীর কর্মকর্তা, সিনিয়র শিক্ষক, গবেষক, প্রকাশক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোকায়নের পক্ষ থেকে নওমুসলিমদের মাঝে দ্বীনি গ্রন্থ বিতরণ করা হয়। এছাড়া মানসিক ও মাদকাসক্তি হাসপাতাল লাইফওয়েভের পক্ষ থেকে অতিথিদের মাঝে নোটবুক ও কলম সরবরাহ করা হয়।

বার্ষিক জোড় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহণকারী নওমুসলিম ভাই-বোনদের সরব উপস্থিতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নওমুসলিমরা একত্রিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। পুরুষ অংশগ্রহণকারীরা ‘ত ব্লক জামে মসজিদ’-এ এবং নওমুসলিমাসহ নারী অতিথিরা শারয়ী পর্দা রক্ষা করে ‘জামি‘আ মিল্লিয়া আজমা ত ব্লক মহিলা মাদরাসা’-তে পৃথকভাবে শিক্ষা, প্রতিযোগিতা ও আনন্দঘন আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। নওমুসলিম হাফেজ ও আলেমদের পাগড়ি উপহার দেওয়া হয় এবং নওমুসলিমা হাফেজাসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরই এমন আয়োজন নওমুসলিমদের মাঝে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। পরিবার, সমাজ ও সম্পদ থেকে বঞ্চিত অনেক নওমুসলিমকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সমাজের জন্য জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে নিউমুসলিম এইড ফাউন্ডেশনের মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নওমুসলিম আবদুল্লাহ (সুচন্দন), বারাকাহ হোমিও সেন্টারের প্রতিষ্ঠাতা নওমুসলিম আবদুল্লাহ আবু সাঈদসহ অন্যান্য অতিথিরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top