ডেস্ক রিপোর্টঃ আইইএলটিএস পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। ইংরেজি ভাষাদক্ষতার জন্য প্রচলিত নিরীক্ষণ পদ্ধতি হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং বা আইইএলটিএস। পড়াশোনা বা অভিবাসনের জন্য যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা যেতে চান, তাদেরকে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় বড় একটি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রগ্রাম) এডুকেশন এ পরিবর্তন নিয়ে আসে। ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) অফিসিয়ালি বিষয়টি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে আইএলটিএস পেপার বেসড পরীক্ষা।
যাদের পরীক্ষা ফেব্রুয়ারির পর নির্ধারিত ছিল, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেসড থেকে সিডিটি (কম্পিউটার ডেলিভারড টেস্ট)-এ পরিবর্তন করতে পারবেন।
এর আগেও আইইএলটিএস পরীক্ষায় পরিবর্তন এসেছিল। আগে আইইএলটিএস পরীক্ষায় লিসেনিং ও রিডিং অংশে বাধ্যতামূলকভাবে পেনসিল ব্যবহার করতে হতো। রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহারের সুযোগ পেতেন পরীক্ষার্থীরা।
তবে নতুন নিয়মে এখন থেকে লিসেনিং, রিডিং ও রাইটিং এই তিনটি অংশেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই পেনসিল ব্যবহার করতে পারবেন না পরীক্ষার্থীরা।







