নিজ কানে গুলির শব্দ শোনা ছিল ভয়ংকর অভিজ্ঞতা : মাইকেল ভন

1765791202-f43ceba3a359518cc2e35531a7b3be1c.jpg

মাইকেল ভন

ক্রীড়া ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় গুলির শব্দ শোনাকে ‘ভয়ংকর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন সাবেক ইংল্যান্ড ক্রিকেট অধিনায়ক মাইকেল ভন।

অ্যাশেজ সিরিজ কাভার করতে অস্ট্রেলিয়ায় থাকা ভন জানান, হামলার স্থান থেকে মাত্র কয়েকশ গজ দূরের একটি রেস্তোরাঁয় তিনি স্ত্রী, দুই মেয়ে, শ্যালিকা ও এক বন্ধুর সঙ্গে আটকা পড়েছিলেন। ঘটনার সময় রেস্তোরাঁর দরজা বন্ধ করে দেওয়া হয়।

অস্ট্রেলীয় পুলিশের তথ্যমতে, হামলায় বাবা ও ছেলে জড়িত ছিল।

এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হন, আরো ৩৮ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর পুলিশ ৫০ বছর বয়সী এক হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে, তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
ডেইলি টেলিগ্রাফে লেখা কলামে ভন বলেন, ‘আমার মতো অনেকেরই লন্ডন বা ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার খবর ঘরে বসে টিভিতে দেখার অভিজ্ঞতা আছে। সেগুলো খুব কাছের মনে হয়, ভয়ও লাগে। কিন্তু এত কাছে থেকে, নিজ কানে সবকিছু শোনা, এটা সত্যিই আতঙ্কজনক।’

৫১ বছর বয়সী ভন জানান, তিনি ফোনে কথা বলার সময় সৈকতের দিকে সাইরেনের শব্দ শুনতে পান। প্রথমে তার মনে হয়েছিল, হয়তো হাঙরের আক্রমণ বা কোনো মারামারি হচ্ছে। এরপর একজন তাকে ভেতরে ঢুকে যেতে বলেন এবং রেস্তোরাঁর দরজা বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমি জীবনে এমন কিছু কখনো অনুভব করিনি। চারপাশে কী হচ্ছে, আপনি বুঝতে পারেন, কিন্তু বিশ্বাস করতে চান না যে সত্যিই এমন কিছু ঘটছে।’

তিনি আরো যোগ করেন, ‘মানুষ তখনও খাচ্ছিল, কিন্তু পুরো পরিবেশটাই ছিল অত্যন্ত থমথমে।’

পিয়ার্স মরগান আনসেন্সরড অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ভন হামলাটিকে ‘ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা’ বলে আখ্যা দেন এবং হামলাকারীদের ‘নিরেট কুৎসিত মানুষ’ বলে মন্তব্য করেন। তিনি আহমেদ আল আহমেদের প্রশংসা করেন, যিনি একজন হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিরস্ত্র করেছিলেন।

ভন বলেন, ‘সে কতগুলো জীবন বাঁচিয়েছে? সে যদি এটা না করত, তাহলে কী হতো?’
বুধবার অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। ভনের মতে, ম্যাচটি হবে ‘শোকাবহ আবহে’।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top