ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

Untitled-1-Recovered.jpg

ডেস্ক রিপোর্টঃ ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ঝালকাঠির নলছিটি উপজেলার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে নলছিটি পৌর এলাকার খাসমহল অংশে এই চুরির ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, ওসমান হাদি ও তার মা দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। নলছিটির বাড়িতে তার বোন মাসুমা বেগম ও ভগ্নীপতি মনির হোসেন থাকতেন। ঢাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে চলে যান। বাড়িটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।

তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করে খুলি খোলা অবস্থায় রেখে পরবর্তীতে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরই সেদিন বিকেলে পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top