ডেস্ক রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের নেতা খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন যেন পুরো দেশ উত্তাল হয়ে ওঠে—এটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো? আমরা সেদিন দেশের চিত্রটাই বদলে দিতে চাই।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক ইউনিটের সহস্রাধিক নেতা উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচনে বিএনপিকে সম্পূর্ণ বিজয় অর্জন করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “বিভিন্ন বাধা-বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে—এটা চলবে। কিন্তু আমাদের মাথা উঁচু করে সামনে এগোতে হবে।”
তিনি আরও বলেন, “আজ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এই নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার, নতুন নেতৃত্ব তৈরির সুযোগ এনে দিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল একটি সংসদ গঠনের সুযোগ এসেছে, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে। আর এ পথচলার নেতৃত্বে থাকবেন তারেক রহমান।”







