ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৮ হাজারে

1765433022-2567a2c9441de5df7c5fd8f9decf1901.jpg

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য তৈরি করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ লাখ ৮ হাজার ২৭০ জন প্রবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

নিবন্ধনকারীদের মধ্যে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরাই এগিয়ে আছেন। দেশটিতে থাকা ৮৪ হাজার ৭৬৭ জন বাংলাদেশি ভোটার হওয়ার জন্য অ্যাপে তথ্য দিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কাতার, যেখানে নিবন্ধন করেছেন ২৫ হাজার ৩৩৬ জন। যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধনের সংখ্যা ২০ হাজার ৭৭০।

এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি–নির্ভর ডাকভিত্তিক ভোট (আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালট) চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসী নাগরিক, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মীরা। প্রক্রিয়াটি ব্যবহারের জন্য অ্যাপে আগাম নিবন্ধন বাধ্যতামূলক।

গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা, মরক্কো, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, পেরু, জিম্বাবুয়ে, সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে।

ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। প্রবাসী ভোটার ব্যালটে চিহ্ন দিয়ে তা পুনরায় খামে ভরে রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠিয়ে দেবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top