ডেস্ক রিপোর্টঃ ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত সরকারকে রাজি করানোর উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারত ত্যাগ করে অন্য কোনো দেশে গেছেন—এমন কোনো তথ্য এখন পর্যন্ত বাংলাদেশ সরকার পায়নি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
শেখ হাসিনা ভারত ছেড়ে তৃতীয় দেশে গেছেন কি না—এ প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, “কূটনৈতিক সূত্রে আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। আর বিষয়টি নিয়ে বাংলাদেশের করার খুব বেশি কিছু নেই। আমরা চাই তিনি দেশে ফিরে আসুন। আপনাদের কাছ থেকেই এমন গুঞ্জন শুনছি।”
তাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “এ ক্ষেত্রে ভারতের সম্মতি প্রয়োজন। ভারত চাইলে বা রাজি হলে তাকে ফেরত পাঠানো সম্ভব। আমরা ভারতকে রাজি করানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাতে পারি—এ পর্যন্তই বলতে পারি।”
ভিসা–সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “জাল কাগজপত্র তৈরির প্রবণতা বন্ধ না হলে ভিসাজনিত জটিলতা কাটানো কঠিন। শিক্ষার্থীদের ভিসা দেওয়া সংশ্লিষ্ট দেশগুলোর এখতিয়ারেই পড়ে। নতুন মিশন খোলা সময়সাপেক্ষ কাজ; অনুমোদন পাওয়া অনেক মিশন আর্থিক সীমাবদ্ধতার কারণে চালু করা যাচ্ছে না।”







