ডেস্ক রিপোর্টঃ ঢালিউডের “রাজপুত্র” খ্যাত অভিনেতা সালমান শাহর মৃত্যু রহস্য এখনও অমীমাংসিত। প্রায় তিন দশক পর, গত অক্টোবর মাসে আদালতের রায়ে সালমান শাহর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেয়। রোববার (৭ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার এদিন প্রতিবেদন জমা দিতে সক্ষম হননি।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য আদালতের কাছে আবেদন করেন। আবেদন মেনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত প্রতিবেদনের জন্য ৫ সপ্তাহ সময় বাড়িয়েছেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জানুয়ারি। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেয়। পরদিন, ২১ অক্টোবর, রমনা থানায় এই হত্যা মামলা দায়ের করেন নায়কের মামা এবং চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। মামলায় সামিরা হক ও খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
সালমান শাহ হত্যা মামলার আসামির মধ্যে আরও রয়েছেন—শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডেবিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া, মামলায় আরও অনেকে অজ্ঞাত পরিচয়ে আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।







