ভরা মৌসুমেও সবজির বাজার চড়ায়, কিন্তু কমেছে ব্রয়লারের মূল্য

df73b2dca7176babe0195e29c4ba1705a87a3718be746aa0.jpg

ডেস্ক রিপোর্টঃ বছর শেষের এই সময়ে বাজার ভরে গেছে শীতকালীন নানা সবজিতে। দোকানিরা রঙিন ও বৈচিত্র্যময় সবজির সারি সাজিয়ে বসেছে, আর ক্রেতাদের ভিড়ও চোখে পড়ে। তবে মৌসুমের মধ্যেও কিছু শীতের সবজির দাম এখনো বেশি থাকায় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

শহরের বিভিন্ন বাজার ঘুরে সবজির দামে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। গল্লামারী বাজারে যে সবজির দাম পাওয়া যায়, তা ময়লাপোতা সন্ধ্যা বাজারে তুলনামূলক অনেক বেশি। নিউমার্কেট কাঁচা বাজারের অবস্থাও ময়লাপোতা বাজারের মতো। বিপরীতে মিস্ত্রীপাড়া বাজারে সবজির দাম আবার তুলনামূলক কম। একইভাবে শেখপাড়া ও বানরগাতি বাজারেও দামের ভিন্নতা দেখা যায়। বিভিন্ন বাজার ঘুরে আজকের দামের যে চিত্র পাওয়া গেছে তা হলো—

নগরীর বাজারগুলোতে পেঁপে কেজি ৪০ টাকা, কুশি ৫০ টাকা, লাউ ৪০ টাকা প্রতিটি, বাঁধাকপি কেজি ৪০ টাকা, ফুলকপি ৪০ টাকা, ওলকপি ৫০ টাকা, গাজর ৬০ টাকা, বেগুন ৭০ টাকা, শিম ৭০ টাকা, নতুন আলু ৭০ টাকা, টমেটো ৮০ টাকা, জলপাই ৬০ টাকা, আর কাঁচকলার হালি ৪০ টাকা।
মসলা পণ্যের মধ্যে পেঁয়াজ কেজি ১৪০ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ২০০ টাকা।
এ ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৭০০–৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০ টাকা এবং ডিমের হালি ৪৪ টাকা।

সন্ধ্যা বাজারের ব্যবসায়ী কবির মোল্লা বলেন, “গত বছরের তুলনায় এ মৌসুমে সবজির দাম তুলনামূলক কম।”

তবে বাজার ঘুরে দেখা গেছে, মৌসুম হওয়া সত্ত্বেও বেশ কয়েকটি সবজির দাম এখনো বেশি রয়েছে।

ক্রেতাদের অভিযোগ, “এখন শীতকাল—সব ধরনের শীতের সবজি বাজারে আছে। কিন্তু অনেক সবজির দাম এখনো বেশ চড়া।”

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফজলুর রহমান বলেন, “আমাদের বেতনের বড় অংশ ভাড়া, পড়াশোনা, মাছ-মাংস আর ওষুধে শেষ হয়ে যায়। সবজির জন্য আলাদা যে বাজেট করি তা দিয়ে প্রয়োজনের সব কিছু কেনা যায় না। শেষে কম দামের সবজি খুঁজে কিনেই বাড়ি ফিরতে হয়। সীমিত আয়ে মাস চালানো খুব কঠিন।”

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top