ডেস্ক রিপোর্টঃ কুড়িগ্রামে গত কয়েক দিনে শীতের তীব্রতা বেড়েছে। প্রতিদিন ভোরে জেলার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি আরও তীব্র করে তুলছে। যদিও দুপুরের দিকে রোদ ওঠার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে।
শীতের প্রকোপ সবচেয়ে বেশি টের পাচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। চারদিকে খোলা পরিবেশ ও নিচু ভূমির কারণে এসব এলাকায় ঠাণ্ডা তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। এছাড়া সন্ধ্যার পর তাপমাত্রা নেমে যাওয়ায় গ্রামাঞ্চলের হাট-বাজার, রাস্তা-ঘাট ও জনসমাগম আগের তুলনায় কমে গেছে।
রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা দ্রুত কমে যায়। তিনি বলেন, রবিবার সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।







