ডেস্ক রিপোর্টঃ কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি উপেক্ষা করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার রাতের মধ্যে দুই দেশের সেনারা একে অপরের বিরুদ্ধে গুলি চালায়। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, এতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আফগানিস্তানের স্পিন বোলদাক শহরের বাসিন্দারা রাতভর চলা সংঘর্ষে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন। পাকিস্তান-আফগান সীমান্তরেখা প্রায় ২,৫৭৪ কিলোমিটার দীর্ঘ।
কান্দাহারের একটি হাসপাতালের সূত্র বিবিসিকে জানিয়েছে, নিহত চারজনের মরদেহ সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। পাকিস্তানের দিক থেকে তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উভয় পক্ষই সংঘর্ষের সময়কাল প্রায় চার ঘণ্টা ছিল বলে নিশ্চিত করেছে। তবে কে প্রথম গুলি চালিয়েছে তা নিয়ে এখনো পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি তালেবানকে “বিনা উসকানিতে গুলিবর্ষণ” করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, উপযুক্ত এবং তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।”
অন্যদিকে, তালেবানের মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তান “আবারও হামলা শুরু করেছে” এবং তারা জবাব দিতে বাধ্য হয়েছেন।







