ডেস্ক রিপোর্টঃ পাকিস্তান বাংলাদেশ ও চীনসহ ত্রিদেশীয় জোটের পরিকল্পনা প্রসারিত করতে চায়।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান ও চীনকে নিয়ে গঠিত ত্রিদেশীয় জোটে প্রয়োজন অনুসারে অন্য দেশকেও অন্তর্ভুক্ত করে জোটের পরিধি সম্প্রসারণ করা যেতে পারে। তিনি বলেন, এই অঞ্চলের বাইরে অন্যান্য দেশকেও এই উদ্যোগে যুক্ত করা সম্ভব।
গত বুধবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদে অনুষ্ঠিত কনক্লেভ ফোরামে ইশহাক দার বলেন, “আমরা অন্যের ক্ষতি না করে নিজেদের লাভবান করতে চাই। সবসময় সংঘাতের পরিবর্তে সহযোগিতাকে গুরুত্ব দিয়ে আসছি।”
উপপ্রধানমন্ত্রী মূলত এই নতুন জোটকে সার্কের বিকল্প হিসেবে উল্লেখ করেছেন। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে সার্ক কার্যকরভাবে কাজ করতে পারছে না।
গত জুনে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। ওই সময় বলা হয়েছিল, আলোচনা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়।
ইশহাক দারের এই বক্তব্য আসে আঞ্চলিক উত্তেজনার মাঝে, যেখানে ভারত ও পাকিস্তানের দীর্ঘকালীন শত্রুতাও রয়েছে। দুই দেশ মে মাসে চার দিনের যুদ্ধেও জড়িয়েছে।
অপরদিকে, গত বছরের গণআন্দোলনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কের তলানিতে গেছে। গত মাসে মানবতাবিরোধী অপরাধের কারণে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরও নয়াদিল্লি তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে।






