ডেস্ক রিপোর্টঃ খুলনার রূপসায় পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।
রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ক্যাম্পে কনস্টেবল ফেরদৌস হোসেন (২৭) নিজ গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নিয়ে জীবনত্যাগ করেছেন। ঘটনা ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ঘাটভোগ ইউনিয়নে।
ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার পুলিশ নম্বর কং/১১৬৪। তিনি রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে ফেরদৌস হোসেনকে ক্যাম্পে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাতে বাথরুমের ভিতর, সিলিংয়ে কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।”







