ডেস্ক রিপোর্টঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত শাক্তা ইউনিয়নের আঁটি বাজারে দিনের আলোয় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ভাই ভাই জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে এ চুরি সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের মালিক জমসের জুমার নামাজ আদায় করতে দোকান বন্ধ রেখে বের হন। এ সুযোগে একটি মাইক্রোবাসে আসা চোর চক্র দোকানের সামনে গাড়ি থামিয়ে তালা ভেঙে ভিতরে ঢোকে এবং রেকে সাজানো স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়।
থানায় করা অভিযোগে জমসের জানান, দোকান থেকে ৮৮টি স্বর্ণের আংটি ও ২৫টি গলার চেইন চুরি হয়েছে, যার মোট ওজন প্রায় ২৮ ভরি এবং আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু বলেন, “ঘটনার পর থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের একটি টিম কাজ করছে।”







