ডেস্ক রিপোর্টঃ ভারতে বিমান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দেশটির শীর্ষ বিমান সংস্থা ইন্ডিগো একদিনেই ৫৫০টির বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে, যা সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় বাতিল-সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীসংকট, নতুন নীতিমালার কারণে পরিকল্পনায় অসামঞ্জস্য এবং প্রযুক্তিগত জটিলতা—এই তিনটির সমন্বিত চাপে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্লাইট স্বাভাবিক করতে সংস্থাটি পূর্বপরিকল্পনার অংশ হিসেবে আরো কিছু ফ্লাইট বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই থেকে তিন দিন ফ্লাইট বাতিল অব্যাহত থাকতে পারে বলেও জানায় ইন্ডিগো। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় দুই হাজার ৩০০ ফ্লাইট পরিচালনা করে।
কোম্পানিটি বহুদিন ধরেই তাদের সময়নিষ্ঠতাকে প্রধান শক্তি হিসেবে তুলে ধরে আসছে। কিন্তু বুধবার অনটাইম পারফরম্যান্স নেমে দাঁড়ায় মাত্র ১৯.৭ শতাংশে, যা আগেরদিনের ৩৫ শতাংশ থেকেও অনেক নিচে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইন্ডিগোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সমস্যার মূল কারণ চিহ্নিত করা এবং দ্রুত সমাধান বের করাই ছিল এই আলোচনা সভার প্রধান উদ্দেশ্য।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







