ডেস্ক রিপোর্টঃ উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময়সূচি আবারও পিছিয়ে গেছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্ব এবং তাঁর শারীরিক অবস্থার অস্থিতিশীলতার কারণে তৃতীয়বারের মতো এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের লন্ডন যাওয়া আপাতত স্থগিত। নতুন করে কোনো তারিখ এখনই বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্স এলে যেকোনো দিন তাঁকে নেওয়া হবে।”
বিএনপির একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেনি। তাই এয়ার অ্যাম্বুলেন্সের দেরি ছাড়াও তাঁর বর্তমান শারীরিক সক্ষমতা যাত্রার জন্য উপযোগী কি না—সেটিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় যে নতুন এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা, তা ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সময় পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১০ ডিসেম্বর ঢাকা ছাড়ার সম্ভাব্য সময়সূচিও ঠিক করা হয়েছে।
এর আগে, গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে শুক্রবার সকালে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু বিমানটির কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে যাত্রার সব ব্যবস্থা স্থগিত হয়ে যায়।
পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়—সবকিছু স্বাভাবিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এবং শারীরিক অবস্থা সহায়ক হলে রবিবার তাঁর ফ্লাই করার সম্ভাবনা থাকে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেন, খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় মূলত নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।







