ডেস্ক রিপোর্টঃ ‘বাংলাদেশের বিনিয়োগ ভবিষ্যৎ : বৈদেশিক পুঁজি, জাতীয় সম্পদ ও কৌশলগত সার্বভৌমত্বের সমন্বয়’ শিরোনামে একটি উচ্চপর্যায়ের নীতিগত আলোচনার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে হোটেল শেরাটনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
আলোচনায় নীতিনির্ধারক, শিল্প ও বিনিয়োগ খাতের প্রতিনিধিসহ উন্নয়ন অংশীদাররা অংশ নেন। সেখানে টেকসই বৈদেশিক বিনিয়োগ আহরণের পথগুলো এবং একই সঙ্গে জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার উপায় নিয়ে মতবিনিময় হয়।
সংলাপের উদ্বোধনী বক্তব্য দেন এনসিপির শিল্প ও বাণিজ্য সেলের প্রধান জাবেদ রাসিন। তিনি নৈতিকতা, স্বচ্ছতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি ‘গ্লোবাল বিজনেস হ্যাভেন’ হিসেবে গড়ে তোলার পার্টির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, জবাবদিহিতা ও আইননির্ভর অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তা তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, বাংলাদেশি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে উদ্ভাবন, স্কেল-আপ এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি জরুরি। তিনি স্টার্টআপসহ রপ্তানি-ভিত্তিক শিল্প খাতকে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান, যা দেশের ব্যবসাকে বৈশ্বিক প্রতিযোগিতার পর্যায়ে নিয়ে যেতে পারে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, প্রশাসনিক কাঠামোর গভীর সংস্কারের অভাবই বিনিয়োগের প্রধান বাধা। তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও সংস্কার অব্যাহত রাখা ও ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির যুব উইংয়ের নেতৃবৃন্দসহ শীর্ষ পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।







