বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান

zobaida-khaleda-04122025-01.jpg

ডেস্ক রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দেবেন।

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ তথ্য বিবিসিকে জানিয়েছেন। বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন।

এদিকে, বৃহস্পতিবার কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহে প্রস্তুত।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সবশেষ বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত ২৪ ঘণ্টায় বড় কোনো পরিবর্তন হয়নি, চিকিৎসকরা এটিকে স্থিতিশীল হিসেবে মূল্যায়ন করছেন।

এমন পরিস্থিতির মধ্যে বুধবার ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল, যিনি স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।

নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণের কারণে ‘সংকটাপন্ন’ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ এবং নতুনভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পহেলা ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

তার চিকিৎসার জন্য দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান। ইতিমধ্যে বুধবার যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল এই বোর্ডে যোগ দিয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top