ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ আশরাফুল

SP-Ashraful-04122025-01.jpg

ডেস্ক রিপোর্টঃ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘ মেয়াদে দায়িত্ব নেওয়ার পথে আছেন মোহাম্মদ আশরাফুল। জানা গেছে, তাঁকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হতে পারে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার পরই তাঁর কাজের ধরন ভালো লাগায় জাতীয় দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে আশরাফুলের নিয়োগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “তিনি জাতীয় দলের সঙ্গে ‘ক্যারি’ করবেন।” নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করতে রাজি হননি তিনি। তবে জাতীয় দলের এক সূত্র জানায়, চট্টগ্রামে সিরিজ শেষে আশরাফুল ও নাজমুল আবেদীনের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, উভয় পক্ষ সম্মত হয়েছেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বিষয়ে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের কোচিং অভিজ্ঞতা দীর্ঘ নয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী ছিলেন। গ্লোবাল টি২০ টুর্নামেন্টে রংপুর দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ শেষে এ বছর জাতীয় লিগে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও ক্যাম্পে থাকবেন, জানিয়েছেন নাজমুল আবেদীন। ৬ ডিসেম্বর থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে এক সপ্তাহের ক্যাম্প, যেখানে টি২০ এবং ওয়ানডে দলের ব্যাটারদের নিয়ে প্রশিক্ষণ চলবে। প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ আশরাফুল ক্যাম্পে থাকবেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top