আরও দুই দল পুনঃতদন্তে নিবন্ধন পাচ্ছে: জানালেন ইসি সচিব

27.11.25-KG.png

ডেস্ক রিপোর্টঃ নির্বাচন কমিশনের নতুন দল নিবন্ধনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে জনতার দল এবং আমজনতার দল। পুনঃতদন্তের পর এই দুই দলকে নিবন্ধনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। এছাড়া, তফসিল সংক্রান্ত আলোচনা করতে আগামী ১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে বলেও তিনি জানান।

দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, “কয়েকটি দলের কার্যক্রম পুনরায় তদন্ত করা হয়েছে। পুনঃতদন্তের মাধ্যমে নতুন দুটি দল—আমজনতার দল ও জনতার দল—জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় কার্যক্রম উপস্থিতি নিশ্চিত করেছে। শর্তপূরণ হওয়ায় কমিশন তাদের নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “দল দুটি নিয়ে কারো আপত্তি আছে কি না তা যাচাই করতে আগামী ৯ ডিসেম্বর গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এছাড়া আগামীকাল (শুক্রবার) পত্রিকায়ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়ে আখতার আহমেদ বলেন, “তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে আগামী ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। আজ দুপুরে বঙ্গভবনের বরাবর এ চিঠি পৌঁছেছে।”

প্রবাসী ভোট সংক্রান্ত বিষয়ে তিনি জানান, “প্রবাসীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেবেন, সেই ব্যালটের কোনগুলো গণনার জন্য প্রযোজ্য হবে এবং কোনগুলো বাদ যাবে—সংশোধিত নিয়ম সেটিই নির্ধারণ করবে। আজ উপদেষ্টা পরিষদ সংশোধনিটি অনুমোদন করেছে।”

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top