ডেস্ক রিপোর্টঃ ঢাকার বাইরে একটি নির্জন লোকেশনে চলছে ‘মালিক’ সিনেমার শুটিং। শুটিংটি অনেকটাই গোপনভাবেই পরিচালিত হচ্ছিল। তবে পর্দার আড়ালের বিষয়গুলোও বেশি দিন গোপনে থাকে না। কিছু দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ায় দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছিল, ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা।
শুটিং চলাকালীন আহত হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। অ্যাকশন দৃশ্যের জন্য শরীরের নিচের অংশে কেবল অভিনয়ের স্বার্থে আগুন লাগানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই আগুন নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তেই পায়ে লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের শিখা শুভর পা পুড়ে ফেলে।
ইউনিট সূত্র জানায়, প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন শুভ। তীব্র তাপে কাঁপছিলেন তিনি, কিন্তু থামেননি। পরে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলে ইউনিট সদস্যরা ছুটে এসে মুহূর্তে আগুন নিভিয়ে দেন। তবে ততক্ষণে শুভর পা দগ্ধ হয়ে গেছে।
ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু শুভ থামতে দেননি এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার শুটিং চালিয়ে যান। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও তিনি শুটিং সম্পূর্ণ করতে পিছপা হননি।
পরিচালক আনুষ্ঠানিকভাবে এই ঘটনার বিষয়ে মন্তব্য করতে চাননি। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে অ্যাকশনধর্মী ‘মালিক’-এর। নায়ক শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।







