খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, নতুন প্রার্থী সনাতন ধর্মের কৃষ্ণ নন্দী

2.12.25-KG-35.png

ডেস্ক রিপোর্টঃ অবশেষে খুলনা-১ আসনে জামায়াত ইসলামের প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সনাতন ধর্মের ব্যবসায়ী কৃষ্ণ নন্দীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকেলে খুলনা মহানগর জামায়াত কার্যালয়ে জেলার কর্মী সমাবেশে তাকে প্রার্থী ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

এদিকে, প্রার্থী হওয়ার বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন কৃষ্ণ নন্দী। এই ঘোষণার মাধ্যমে জামায়াত ইসলামী প্রথমবারের মতো অন্য ধর্মের একজন ব্যক্তিকে প্রার্থী হিসেবে দাঁড় করাল।

গত এক মাস ধরে খুলনায় রাজনৈতিক অঙ্গনে জামায়াতের পক্ষ থেকে কৃষ্ণ নন্দীর প্রার্থী হওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছিল। খুলনার দাকোপ ও বটিয়াঘাটা থেকে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু সংগঠন “জামায়াত ইসলাম সনাতনী শাখা”-এর সভাপতি। এই উপজেলা ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী দল হিসেবে রেখেছে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে। গত এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় গোলাম পরওয়ারের সব রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি শুধু নিজে উপস্থিত থাকেননি, প্রতিটি সমাবেশে তার নেতৃত্বে হিন্দু নারী-পুরুষদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। এর আগে খুলনা-১ আসনে মো. ইউসুফকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল।

কৃষ্ণ নন্দী জানান, “গত ১ ডিসেম্বর জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান যখন খুলনায় আসেন, তখন আমি তার সঙ্গে দেখা করি। এরপর তিনি আমাকে এই আসনে প্রার্থী হিসেবে কাজ করার জন্য বলেন। মাওলানা ইউসুফও আমার সঙ্গে কাজ করার বিষয়ে সমর্থন প্রকাশ করেন।”

খুলনা জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সী মঈনুল ইসলাম বলেন, “খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। বাবু কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছে। দলের সিদ্ধান্তে সবাই ঐক্যমতভাবে এই আসনে কাজ করবেন।”

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top