খুলনায় জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের, বাদী হিসেবে পুলিশ

khulnay-adalt-ctwre-htza-1764765433-780x450-1.webp

ডেস্ক রিপোর্টঃ ৭২ ঘণ্টারও বেশি সময় পার হওয়ার পরেও খুলনা আদালত চত্বরের প্রধান ফটকের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনের হত্যার ঘটনায় নিহত দুই পরিবারের কেউ থানায় মামলা দায়ের করেননি। অবশেষে গতকাল বুধবার বিকেলে খুলনা থানার এসআই আমিনুল ইসলাম নিজেই বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করেন।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, “দুই পরিবারের কেউ মামলা না করার কারণে খুলনা থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মোঃ মিয়ারব হোসেনকে।”

এজাহারে বলা হয়েছে, ৩০ নভেম্বর হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজন আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে সার্কিট হাউজের মেইন গেটের বিপরীতে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাতপরিচয় ১৫-১৬ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো চা-পাতি দিয়ে আঘাত করে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি মোটরসাইকেল, চা-পাতি, গুলির কার্তুজ ও ব্যবহৃত কার্তুজের অংশ উদ্ধার করে।

এসআই আব্দুল হাই আরও জানিয়েছেন, “নিহতরা খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী ছিলেন। এই হত্যাকাণ্ডে আরেক শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু বা গ্রেনেড বাবুর সম্পৃক্ততার বিষয়েও পুলিশ নিশ্চিত হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের চারটি মূল কারণের ভিত্তিতে তদন্ত করছে।”

খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, “নিহতদের পরিবারের কেউ থানায় মামলা না দায়ের করার পর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। ৭২ ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর এ ব্যবস্থা নেওয়া হয়।”

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top