১৩ দিনে পঞ্চম ভূমিকম্পে কেঁপে উঠল নরসিংদী, আতঙ্কে বাসিন্দারা

earthquake-11042025-01.jpg

ডেস্ক রিপোর্টঃ মাত্র ১৩ দিনের মধ্যে পঞ্চমবারের মতো ভূমিকম্পে কাঁপল নরসিংদী। একের পর এক কম্পন স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য না থাকায় সাধারণ মানুষের উদ্বেগ আরও গভীর হচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার কিছু পর নরসিংদীতে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎপত্তিস্থলও ছিল নরসিংদী অঞ্চল। সামান্য কাঁপুনি হলেও ধারাবাহিক ভূমিকম্পের কারণে মানুষের মনে নতুন করে ভয় ঢুকে পড়েছে।

এ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এর আগের ভূমিকম্পগুলো ছিল অধিক মাত্রার। গত ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজনের মৃত্যু ঘটে এবং আহত হন শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় বহু সরকারি ও বেসরকারি স্থাপনা।

আজকের কম্পনের সময় বহু বাসিন্দা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা আলম খান জানান, “ঘুমের মধ্যে হঠাৎ ঘর কাঁপতে শুরু করে। কয়েক দফা কাঁপুনি অনুভব করে বুঝলাম ভূমিকম্প হচ্ছে। দ্রুত বাইরে বের হয়ে আসি। এখনো মনে ভয় কাজ করছে।”

আরেক বাসিন্দা বলেন, “এভাবে বারবার ভূমিকম্প হওয়ায় আমরা মানসিক চাপের মধ্যে পড়ে গেছি। যে কোনো সময় কী ঘটতে পারে—এ নিয়ে দুশ্চিন্তা পেয়ে বসেছে।”

নরসিংদী আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

অন্যদিকে সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রাজধানী ঢাকাতেও একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীই ছিল বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

এর আগে ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চারটি ভূমিকম্প হয়েছিল। এর মধ্যে ২১ নভেম্বরেরটি ছিল সর্বাধিক শক্তিশালী—মাত্রা ৫ দশমিক ৭।

ধারাবাহিক কম্পনে নরসিংদীজুড়ে মানুষের ভয়, চাপ ও অনিশ্চয়তা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, সামনে আরও বড় কোনো কম্পন হতে পারে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top