ডেস্ক রিপোর্টঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সবুজ নামের এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরের দিকে সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মধ্যবর্তী ভারতের অভ্যন্তরভাগে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন।
নিহত সবুজ (২৫) জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার বাসিন্দা শেরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে গেলে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে সবুজ ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে বিএসএফ তাঁর মরদেহ নিজেদের এলাকায় নিয়ে যায়।
সুবেদার কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মরদেহ বর্তমানে বিএসএফের হেফাজতেই আছে এবং বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।







