ডেস্ক রিপোর্টঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ হওয়ায় সর্বোচ্চ আদালতের রায় বহাল থাকে।
এর আগের দিন, বুধবার শুনানি শেষ করে আদালত আদেশ ঘোষণার জন্য বৃহস্পতিবারের দিন ঠিক করেছিলেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মহসীন রশিদ, আর ইন্টারভেনর হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার এ মামলার লিভ টু আপিলের শুনানি শুরু হয়। সেদিন আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের বৈধতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৈধতার ভিত্তি মানুষের আস্থা ও সমর্থন।”
এরও আগে, ১২ নভেম্বর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদের শুনানি হয়। শুনানির সময় আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। এরপর আপিল বিভাগ তাঁর কাছ থেকে ব্যাখ্যা চান।
গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেন। কিন্তু হাইকোর্ট রিট খারিজ করে জানায়, জনগণের অনুমোদন পাওয়া অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না।
পরে তিনি এ আদেশের বিরুদ্ধে আপিল করতে লিভ টু আপিল আবেদন করেন।







