১৬নং ওয়ার্ড বিএনপির সমাবেশে বক্তারা
দেশের মানুষের মুক্তির সনদ
তারেক রহমানের ৩১ দফা
নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ঘোষণা করেছিলেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। এ ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ।
খুলনায় চলমান খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ও বিএনপি প্রদত্ত ৩১দফা বাস্তবায়নে বিএনপির ১৬নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা আরো বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের এই রুপরেখা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব। সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। ক্ষমতার লোভে তারা কতটুকু বিভৎস হতে পারে তা দেশের মানুষ দেখেছে। দেশপ্রেম নয় তারা ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিল। তাই ক্ষমতার লোভ তাদের ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের ১৬ বছরের দুঃশাসন আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানিয়েছে। তিনি বলেন ৩৬জুলাই ছাত্র-জনতা গণঅভ্যূত্থানের পর থেকে খুলনার আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। গেল ১৫ মাসে খুলনা জেলা ও মহানগরে কমপক্ষে ৯৪ জন খুনের খবর পাওয়া গেছে। এর মধ্যে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণে খুন হয়েছে কমপক্ষে অর্ধশত। বেপরোয়া কিশোর গ্যাং নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। এভাবে খুলনা শহর চলতে পারে না। নগরীকে সন্ত্রাসমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শেখ মোস্তফা কামালের সভাপতিত্বে ও শওকাত আলী বিশ্বাস লাবুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান মনি, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ মুজিবুর রহমান, জাকির ইকবাল বাপ্পি। এসময় আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ আহসান পরাগ, কাজী আব্দুল জলিল, মাহমুদ আলম বাবু মোড়ল, আলহাজ্ব শেখ হাবিবুর রহমান, শেখ মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ কাজী নজরুল ইসলাম, আবুল ওয়ারা, কামরুজ্জামান রুনু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আরিফুল ইসলাম বিপ্লব, সাইফুল ইসলাম, কাদের মল্লিক, ইয়াসিন মোল্লা, আবু বক্কার মীর, মনিরুল ইসলাম, সোহরাব মোল্লা,শেখ হায়দার আলী, আল আমিন দেওয়ান, মোহাম্মদ চঞ্চল প্রমুখ।
#







