ঝিনাইদহে গাড়ি ধাক্কায় পথচারী নিহত
বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে গাড়ির ধাক্কায় পুকুরের পানিতে পড়ে রশিদুল ইসলাম ওরফে মধু মুন্সী (৬৭) এর মৃত্যু হয়েছে। আজ ভোরের দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আলহাজ্ব মুন্সী আজিজুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সী মাফিজুর রহমান টুকু, সকালে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে গ্রামেরই মসজিদে যাচ্ছিল রশিদুল ইসলাম ওরফে মধু মুন্সী। তখন অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। সেসময় ওই গাড়ীর ধাক্কায় সে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর সকাল সাতটার দিকে মৃতদেহটি পানিতে ভেসে ওঠে। সে সময় স্বজনরা মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি ।







