ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি
বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাটাখালী পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মেহেদী হাসান জানান, রাতে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলায় আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মোস্তাক ও আরিফুল নামে তার দুই সঙ্গী। সুন্দরপুর ও খালিশপুর গ্রামের উদ্দেশে ফেরার পথে কাটাখালী পুলিশ বক্সের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার ওপর ফেলে রাখা বড় একটি মেহগনি গাছে তাদের পথ আটকে যায়।
মেহেদীর ভাষ্য, গাছটি ফেলার সঙ্গে সঙ্গে ৩ থেকে ৪ জনের একটি ডাকাতদল ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। একই স্থানে দাঁড় করানো হয় দুটি ট্রাকও। সেসব ট্রাকচালকদের কাছ থেকেও টাকা-পয়সা লুটে নেয় ডাকাতদল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা এখনো থানায় অভিযোগ করেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে







