ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজসহ উন্নয়ন দাবিতে মানববন্ধন
বাবুল আক্তার , ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ঝিনাইদহের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন কাঠামো বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক উপাধ্যক্ষ এন. এম. শাহজালাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জজ কোর্টের পিপি এস. এম. মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকিদুল, মানবাধিকার কর্মী হাফিজুর রহমান, অধ্যক্ষ মহব্বত হোসেন, চলচ্চিত্র নায়ক মান্না, রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আল আজাদ, কমিউনিস্ট পার্টির সভাপতি স্বপন কুমার বাগচী, বাসদ সভাপতি অ্যাড. আসাদ, শিক্ষক বাবুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শারমিন সুলতানা, নুসরাত জাহান সাথী এবং ব্যবসায়ী সফিকুর রহমান যাজুসহ আরও অনেকে।
বক্তারা বলেন—মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেলসংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা সদর আজও রেল লাইন বঞ্চিত। জেলার ৩০ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তেমনি কৃষিভিত্তিক অঞ্চলে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনও সময়ের দাবি। তারা আরও বলেন, ঝিনাইদহের গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার এবং নবগঙ্গা নদী খনন না হলে এ অঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি দৌলতদিয়া–পাটুরিয়া পয়েন্টে সেতু নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
বক্তারা জোর দিয়ে বলেন, রেললাইন স্থাপিত হলে ঝিনাইদহে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে বড় ধরনের উন্নয়ন ঘটবে। উন্নয়ন থেকে ঝিনাইদহের মানুষ আর পিছিয়ে থাকতে চায় না বলে তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন।







