মৌসুমি পাখিদের বিএনপিতে জায়গা হবে
না: রাজপথের যোদ্ধারাই হবেন প্রার্থী
প্রচার মিছিল ও লিফলেট বিতরণ শেষে পথসভায় মনা-তুহিন
নিজস্ব প্রতিবেদকঃ–
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময়ে যারা বিএনপির পরিচয় দিতে লজ্জা পেতেন, যারা পুলিশ প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দল ছেড়েছিলেন—তারা এখন বিএনপির পরিচয় দিয়ে রাজপথে নামতে চাচ্ছেন। আন্দোলনের কঠিন সময়ে যখন হাজার হাজার নেতাকর্মী কারাগারে, রাজপথে ও পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন ওরা ঘরে বসে এসি রুমে শান্তিতে ঘুমিয়েছেন। আজ সেই মৌসুমি পাখিরাই আবার বিএনপির পরিচয়ে রাজপথে নেমে নির্বাচনে অংশ নিতে চাইছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর জিয়াহল চত্বর (শিববাড়ি মোড়) থেকে শুরু হওয়া ধানের শীষের প্রচার মিছিল ও বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। মিছিলটি কেডিএ অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ শেষে র্যায়েল চত্বরে পথসভায় পরিণত হয়। এতে মহানগর ও সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
মনা আরো বলেন, যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, পুলিশের গুলির মুখে থেকেও দলকে বাঁচিয়েছেন— তারাই প্রকৃত বিএনপি। ধানের শীষের প্রার্থীও হবেন তারাই। যারা আন্দোলনের সময় নিস্ক্রিয় ছিলেন বা দলবিরোধী আচরণ করেছেন, তারা কোনোভাবেই দলের মনোনয়ন পাবেন না। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ওই সকল মৌসুমি পাখিদের বিএনপিতে কোনো জায়গা হবে না-হবে না। যারা ফেব্রুয়ারির সম্ভাব্য ভোট বানচালের জন্য কখনো ‘পিআর’, কখনো ‘হ্যাঁ-না ভোট’-এর নাটক করছে, তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জনগণকে বিভ্রান্ত করতে দেওয়া হবে না।
তুহিন বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা আবারও একাট্টা হয়ে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একটি গোষ্ঠি ধর্মের নামে ভণ্ডামি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, ভোট প্রদানের জন্য কোরআন শরিফে হাত রেখে শপথ করাচ্ছে। এটি ইসলাম ও গণতন্ত্র— দুইয়েরই অপমান। যারা ১৯৭১ সালে লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম লুটে নিয়েছে—সেই পরাজিত শক্তিরাই আজ নতুন মুখোশ পরে নির্বাচনের নামে ষড়যন্ত্রে নেমেছে। তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, যেন আবারও গণতন্ত্রকে হত্যা করা যায়। ধর্মের নামে কোরআন শপথ করিয়ে ভোট চাওয়া এক প্রকার রাজনৈতিক প্রতারণা। জনগণ এখন অনেক সচেতন, এসব নাটক আর সফল হবে না। ওদের মুখোশ খুলে দিতে হবে, কারণ ওরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের চিরশত্রু। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে “ধানের শীষের বিজয়” নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান। প্রচার মিছিলে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদসহ সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, ন্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দল, জাসাস-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন।







