পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও কর্মসূচিতে অবশেষে দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক
ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকেরা প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন। টানা তিন ঘণ্টার ঘেরাও কর্মসূচি শেষে নেসকো কর্তৃপক্ষ লিখিতভাবে অঙ্গীকার করেছে যে ঈশ্বরদীতে আর কোনো প্রিপেইড মিটার স্থাপন করা হবে না এবং ইতিপূর্বে লাগানো সব মিটারও পাল্টে দেওয়া হবে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঈশ্বরদীর সর্বস্তরের গ্রাহক এই কর্মসূচি পালন করেন। এ সময় বিদ্যুৎ অফিস কার্যত অচল হয়ে পড়ে।
একপর্যায়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা মিছিল নিয়ে অফিসে গেলে নেসকোর আবাসিক প্রকৌশলী (নির্বাহী) আব্দুন নুর আলোচনার একপর্যায়ে গ্রাহকদের দাবি মেনে নিয়ে একটি লিখিত অঙ্গীকার করেন।
তাঁর স্বাক্ষরিত একটি সাদা কাগজে তিনি লেখেন, ‘প্রিপেইড মিটার লাগানো স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করছি। ইতিপূর্বে ঈশ্বরদীতে লাগানো প্রতিটি প্রিপেইড মিটার নেসকো নিজ দায়িত্বে পাল্টে আগের মিটার লাগিয়ে দেবে।’
এই ঘটনার সত্যতা স্বীকার করে নেসকোর আবাসিক প্রকৌশলী আব্দুন নুর বলেন, গ্রাহকদের জোরালো দাবি মেনে নেওয়া হয়েছে।







