নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের অপসারণ ও গ্রেপ্তার দাবী করেছেন স্থানীয় বিএনপি। রোববার ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবী জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের এক নির্বাচনী মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এমন ঔদ্ধত্যপুর্ন বক্তব্য দিয়েছেন। যা খুবই দুঃখজনক। শুধু তাই নয় ইউপি চেয়ারম্যান মাহমুদ প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের লন্ডন সফর নিয়েও প্রশ্ন তুলেছেন। যাকে রাষ্ট্রদ্রোহ হিসেবে মন্তব্য করেছেন তিনি। এ সময় তাকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তার দাবী করেন তিনি।
গত বুধবার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাহমুদ বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনুস লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে ভুল করেছেন। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ আছে।’ তার বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। পরে ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত নেতারা তাদের বক্তব্যে ইউপি চেয়ারম্যানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেফতার ও অপসারণ দাবী করেন।
প্রতিবাদ সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মনিরুজ্জামান, এম এ হাসান, উপজেলা যুবদলের সভাপতি শরিফুল আলম, ছাত্রদলের সভাপতি সবুজ।







