দুই সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা

৩৩৩-1.jpg

নিজস্ব প্রতিবেদক :

খুলনার কয়রা উপজেলায় কর্মরত দুই সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা হয়েছে। গত ২৯ জুন খুলনা জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন এনসিপি নেতা মো. আবু বকর সিদ্দিক। আদালত মামলা আমলে নিয়ে কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলমকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন, জনবাণী পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ মল্লিক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী। এছাড়া মামলায় মারুফ বিল্লাহ নামে আরও এক ব্যাক্তিকে আসামী করা হয়েছে। তিনি উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের সাইফুল্লাহ সানার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ জুন একটি অনলাইন পোর্টালে মামলার ১ নম্বর আসামী আব্দুর রউফ মল্লিক বাদীর একটি আপত্তিকর ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদন ও ভিডিও তিনি তাঁর নিজের ফেসবুক আইডিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। একই প্রতিবেদন ও ভিডিও গত ১২ জুন দৈনিক নয়াদিগন্ত ও জনবাণী পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদন সম্পর্কে জানতে ১ নম্বর আসামীর মুঠোফোনে জানতে চাইলে তিনি ২ নম্বর আসামী নয়াদিগন্ত পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানীর অফিসে দেখা করতে বলেন। গত ১৩ জুন গোলাম রব্বানীর অফিসে গিয়ে সেখানে ১ ও ৩ নম্বর আসামীসহ তিন জনকে একত্রে দেখতে পান। সেখানে প্রতিবেদন ও ভিডিও সম্পর্কে জানতে চাইলে তাঁরা (আসামীগণ) বাদীর কাছে ১০ লাখ টাকা দাবী করেন। টাকা না দিলে এমন প্রতিবেদন চলমান থাকবে বলেও হুমকি দেন। পরে তিনি মামলা করতে বাধ্য হন।

মামলার তদন্তকারি কর্মকর্তা কয়রা থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ত থাকার প্রমান পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সম্মানী ব্যাক্তির আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিয়ে তারা অপরাধ করেছেন। আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

এদিকে দুই সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। বিবৃতিদাতারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top